কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, দেশত্যাগের অপেক্ষায় আরো ১৩৬৮
কানাডা থেকে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরো ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি দেশত্যাগের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে (রিমুভাল-ইন-প্রোগ্রেস) রয়েছেন।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
সিবিএসএ-এর তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কানাডা বিশ্বব্যাপী মোট ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে ভারত (৪,২২৭ জন) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো (২,২৮২ জন)।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের থেকে ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন, রোমানিয়া ৪৩৩ জনকে ফেরত পাঠিয়েছে দেশটি।
চলতি বছরের প্রথম ছয় মাসের হিসাবে ২২৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর মাধ্যমে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম স্থানে উঠে এসেছিল, যা আগস্ট শেষে ৩৪০ জনে দাঁড়ায়।
অপসারণের কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল অভিবাসন আইন না মানার ঘটনা। আর এই কারণেই আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সিবিএসএ।
আশ্রয়প্রার্থী নন এমন আরো ১ হাজার ৭৯৪ জনের ক্ষেত্রেও একই কারণ উল্লেখ করা হয়েছে।
অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনের অপসারণ হয়েছে।
বহিষ্কার আদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।
এদিকে ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ভারতের নাগরিক ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন। ১ হাজার ৩৬৮ জন নিয়ে এ তালিকায় বাংলাদেশ অষ্টম।

