ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের যে সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের যে সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যে নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, পুরো ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হতে পারে বলে জানান তিনি।

সিলেট অংশের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, এ অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত মোট ১১৩টি মামলা রয়েছে, যার অধিকাংশ ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কার্যক্রম চলছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন করা সম্ভব হবে।

এ সময় সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজ পরিদর্শন করেন।