সিলেটে আওয়ামী লীগের ৪ কর্মী আটক

সিলেটে আওয়ামী লীগের ৪ কর্মী আটক

সিলেটের মোগলাবাজার থানার পারারইচক এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের চার কর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার ছাতক থানার নিজগাঁও (পশ্চিম) গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে মো. মাহফুজ আহমদ (২০), জকিগঞ্জ থানার বারোঠাকুরি উত্তরকুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলী আহমদ (৩৮), দক্ষিণ সুরমা থানার লালাবাজার উপজেলার খাজাখালু এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে রিমন ইসলাম (২০) এবং সিলেটের শাহপরান (রহ.) থানার এমপি গেইট, সুলতানার বাড়ির বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার জলিলপুর গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে মো. আবুল হাসনাত রাফি (১৮)।

পুলিশ জানায়, সোমবার রাতে শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০টি বাঁশের লাঠি ও টিনের কৌটা দিয়ে তৈরি মশাল উদ্ধার করা হয়। এ সময় ৯টি বাঁশের লাঠি ও অন্যান্য সামগ্রীসহ নিষিদ্ধ সংগঠনের চার কর্মীকে আটক করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেমামলারুজু করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”