সিলেট বিভাগে প্রবাসী ভোটার নিবন্ধন ৩১ হাজার

সিলেট বিভাগে প্রবাসী ভোটার নিবন্ধন ৩১ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা দ্রুতই নিবন্ধন করছেন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় নিবন্ধন করেছেন ৩১ হাজার ১৩ জন প্রবাসী বাংলাদেশি।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৪৬৪ জন এবং নারী ৩ হাজার ৫৪৭ জন। এ ছাড়া ৪৯ জন প্রবাসীর আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জেলাভিত্তিক নিবন্ধন

সিলেট জেলায় নিবন্ধন করেছেন ১৬ হাজার ২৫১ জন। এর মধ্যে ১৪ হাজার ৩৫ জন পুরুষ এবং ২ হাজার ২১৪ জন নারী। ৩০টি আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায়।

মৌলভীবাজারে নিবন্ধন করেছেন ৭ হাজার ৮১১ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ২৭ জন এবং নারী ৭৮৪ জন। অপেক্ষমাণ আবেদন ১১টি।

হবিগঞ্জ জেলায় নিবন্ধন করেছেন ৩ হাজার ৩২৮ জন। এদের মধ্যে পুরুষ ৩ হাজার ৮৯ জন এবং নারী ২৩৯ জন। অপেক্ষমাণ আবেদন ৫টি।

সুনামগঞ্জে নিবন্ধন করেছেন ৩ হাজার ৬২৩ জন। এর মধ্যে ৩ হাজার ৩১৩ জন পুরুষ এবং ৩১০ জন নারী। অপেক্ষমাণ আবেদন ৩টি।

প্রবাসীদের অনুরোধে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময় আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, পোস্টাল ব্যালট নিশ্চিত করতে নিবন্ধনের সময় প্রবাসীদের অবশ্যই অবস্থানকালীন সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজন হলে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যাবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। নির্বাচনে অংশ নিতে ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চলছে। প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের জন্য অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।