সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসী সম্মাননা অনুষ্ঠান
সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তরের লক্ষ্যে প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেছেন, “সিলেটকে লন্ডন বানানোর জন্য যা যা করা দরকার, তা করা হবে। দেশকে সেভাবে গড়তে হলে দেশে ইনভেস্ট করতে হবে। আমি আশা করি প্রবাসীরা সেই দায়িত্ব নেবেন। সিলেট মহানগর পুলিশ আপনাদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা দেবে।”
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রবাসীরা শুধু অর্থ পাঠান না, তারা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম। বিশ্বের ১২টি দেশ থেকে আগত প্রবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রবাসী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
শনিবার সকাল ১০টায় নগরীর ক্বিন ব্রিজ থেকে র্যালিটি শুরু হয়ে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়। র্যালিতে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সফল প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রবাসী সম্মাননা অনুষ্ঠান প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ আরও জোরদার করবে।

